আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সারাদেশে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।










