শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সবই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুর ৬০ ফিট রোড এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারী চলাকালেও দেশের মানুষের খাওয়া-পরার কোন অভাব হয়নি। প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও খাদ্য সহায়তার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য মোতাবেক সাহায্য-সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যার মতোই মানুষকে ভালোবেসে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।










