বিএনপির জোট ভাঙার বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। পিপীলিকাদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই।
তিনি বলেন, বিএনপি এখন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে। তাদের সময় এগুলো কোথায় ছিল। তাদের জন্যই আজ শান্তি সমাবেশ করতে হয়। তারা গণতন্ত্র, স্বাধীনতা কিছুই বিশ্বাস করে না। তারা লুটপাট-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।
সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি ভালো করে জানে তারা নির্বাচনে পরাজয় লাভ করবে, তাই ভোট চায় না। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।










