জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না।
তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেব।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সকল নির্দেশনা মেনেই চলেছি।
আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ওই ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে, জাতীয় পার্টি চেয়ারম্যান এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় শুধু জাতীয় পার্টি নেতা-কর্মীই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে।
তিনি বলেন, মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে কিন্তু আমরা আদালতের সকল নির্দেশনা শ্রদ্ধার সাথে ইতিবাচক ভাবেই নিচ্ছি।










