ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনী বিশাল এলাকার কৃষিজমি ধ্বংস করেছে। এসব জমির ফসলও রেহাই পায়নি দখলদার বাহিনীর হাত থেকে।
গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আরব শহর রাহাতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষের নির্দেশে এ নৃশংস অভিযান চালানো হয়েছে। এ সময় ভূমি অফিসের কর্মচারী ও ইসরায়েলি পুলিশের বিশেষ নিরাপত্তায় বুলডোজার দিয়ে বিশাল এলাকার গমের ফসলের জমি নষ্ট করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায় এ অভিযানের জন্য পূর্বে মালিকদের কোনো নোটিশ প্রদান করা হয়নি। জমির মালিকরা এর প্রতিবাদ করলে দখলদার পুলিশ তাদের বাধা দেয়। এমনকি সেখানে সমাহিত মৃতদের পবিত্রতাকে সম্মান না করে পারিবারিক কবরস্থানও ধ্বংস করেছে তারা।
উল্লেখ্য, গত মাসে ইসরায়েলের দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীরা বসতি সম্প্রসারণের লক্ষ্যে সালফিট ও নাবলুস প্রদেশের ফিলিস্তিনি মালিকানাধীন ১৩৩ একরেরও বেশি জমি ধ্বংস করেছে। এছাড়াও বসতি স্থাপনকারীদের দ্বারা ৭৫৮ টি জলপাই গাছ ধ্বংসের নথিভুক্ত করা হয়েছে যার বেশিরভাগই ছিল রামাল্লায়।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











