জনগণ ভয়কে জয় করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি এবং অবৈধ সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভয়ে সরকার মিথ্যা মামলা, গায়েবি মামলা, গ্রেফতার, হত্যা এগুলো চালিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে যাচ্ছে না। যত বেশি শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে তত বেশি জনগণ রাস্তায় নেমে আসছে এবং তাদের (সরকার) ভয়ের মাত্রা তত বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নাকি জনগণের সম্পদ রক্ষায় নেমেছে। আওয়ামী লীগের রাজনৈতিক দৈনতা এমন জায়গায় এসেছে দাঁড়িয়েছে যে একটি স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে তারা জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হয়ে তারা বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করা চলবে না উল্লেখ করে খসরু বলেন, লক্ষ জনতা প্রমাণ করেছে গুলি করে, হত্যা করে, গ্রেফতার করে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে জনগণের গণজোয়ার বন্ধ করা যাবে না। এটা বিএনপির বিভাগীয় সমাবেশে প্রমাণ হয়ে গেছে। সরকার পরিবহন হরতাল দিয়ে, গায়েবি মামলা দিয়ে, গ্রেফতার করে, হত্যা করে লক্ষ জনতাকে রুখতে পারেনি। আগামীতেও পারার কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, যতই শান্তি কর্মসূচি দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন, আপনারা জনগণের কাছে হাস্যকরভাবে পরিচিত হয়েছেন। জনগণ আপনাদের রাজনৈতিক কর্মসূচি দেখে হাসে। আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও আদালতের আশ্রয় নিচ্ছেন।










