তথাকথিত অভিযানের নামে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বালককে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের তুবাস শহরের আল-ফারা শরণার্থী শিবিরে এ ঘটনাটি ঘটে।
নিউজে আরো বলা হয়েছে, নিহত বালকের নাম মাহমুদ মাজেদ আল-আয়দি। তার মাথায় সরাসরি গুলি করে দখলদার ইসরাইলী বাহিনী। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরবেলা বিপুল সংখ্যক ইসরায়েলি দখলদার বাহিনী আল-ফারা শরণার্থী শিবিরে হামলা চালায়। যার ফলে বিক্ষোভের সূত্রপাত ঘটে। এ বিক্ষোভে ইজরাইলি বাহিনী বেশ কিছু বাসিন্দাকে সরাসরি আগুন ও কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করে।
দখলদার ইসরাইল অবশ্য দাবি করেছে, সৈন্যরা গ্রেপ্তার অভিযান পরিচালনা করার সময় ছেলেটি একটি বিস্ফোরক ডিভাইস নিয়ে তাদের কাছে পৌঁছালে তাকে গুলি করা হয়। তবে তাদের এমন দাবির কোনো প্রমাণ তারা দিতে পারেনি।
এ তথাকথিত অভিযানে গোলা-বারুদের আঘাতে কমপক্ষে ৫ জন ফিলিস্তিনি আহত ও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য; এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৮ জন দখলদার ইসরায়েলী সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছেন।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











