নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান ক্ষমতাসীনদের গত ১৪ বছরের শাসনামলে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটের মাধ্যমে তারা দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ২০২১ সালের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৪ দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ বিশ্বের ১১১টি দেশ আমন্ত্রণ পেয়েছে। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনমন হয়েছে।
মান্না আরও বলেন, ক্ষমতাসীনরা জনগণের সব সাংবিধানিক অধিকার হরণ করেছে। অর্থনীতিকে ধ্বংস করে দেশকে মহাবিপদের দিকে ঠেলে দিয়েছে তারা। জনগণের রাজনৈতিক সব অধিকার খর্ব করে তারা দেশে কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হবে না। সরকার পতনের খেলা সময় মতোই হবে। তখন আর সরকার ক্ষমতায় টিকতে পারবে না।
তিনি বলেন, সরকার এখন দেশ চালানোর জন্য বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে হাত পাতছে। আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার পরও সরকারি হিসেবেই দেশে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের ঘরে। চলতি অর্থবছর থেকেই শুরু হবে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং দুঃশাসনের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশংকাজনক হারে কমেছে। তবে নাগরিক ঐক্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে লড়াই অব্যাহত রেখেছে। আমরা প্রত্যাশা করি, জনগণের যৌগিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা বিজয়ী হবো।










