বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী।
তিনি বলেন, কারাবন্দী আলেমদের অনতিবিলম্বে মুক্তি দিন, আলেমদের মুক্তি দেওয়া ছাড়া দেশে শান্তি ফিরে আসবে না।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হল রুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইসমাইল নূরপুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে, অথচ সরকার বলছে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, মানুষ বাঁচলে উন্নয়ন। জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকলে দেশ টিকবে।
মাওলানা ইসমাইল নূরপুরী আরও বলেন, আইন-শৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলছে, এভাবে চলতে থাকলে দেশে আইন বলে কিছু থাকবে না, তাই সরকারকে বলতে চাই, আইনের শাসন গড়ে তুলুন দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ কাজী নিজামুদ্দীনের সভাপতিত্বে সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোরশেদ কামাল চৌধুরী ও মজলিস আমেলার সদস্য মাওলানা আব্দুল মালেক এর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সহ-বায়তুল মাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান।










