জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না।
সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী জলসা বা তাফসীর মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। তাহলে মাহফিলে আলেম-ওলামা রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন? মাহফিলে রাজনৈতিক অলোচনা হলেই একটি মহল মাহফিল বন্ধ করে দিতে চায় কেন? তারা মাহফিলে বাধা দেওয়ার কে? আসলে একটি চক্র আলেম-ওলামাদের নাজেহাল করতে চায়।
পাড়ায়-পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা মাহফিলের স্টেজ ভেঙে দিতে চায়। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায় মহলটি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমন মনোবৃত্তি তৈরি করা হয়েছে, দাড়ি-টুপি দেখলেই যেন জঙ্গি বা সন্ত্রাসী। অথচ আমাদের দেশের মানুষ দাড়ি-টুপি এবং পাগড়ী পরে অন্য ধর্মাবলম্বীদের বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দু’পাশে মসজিদ ও মন্দির আছে। সময়মত যার যার উৎসব ও ধর্মীয় রীতিনীতি পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেক দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব আছে কিন্তু আমাদের দেশে কোনো সংঘাত নেই। এটাই অসাম্প্রদায়িকতা।










