বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি বলেছেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম। সবাইকে মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।
শুক্রবার পাবনার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বেড়া উপজেলা ২য় কাব ক্যাম্পুরী-২০২৩ এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পীকার আরো বলেন, বাংলাদেশ স্কাউটসের ৩টি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগণকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। এসব মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মাঝে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।
আজকের স্কাউটস হবে আগামী দিনের রাষ্ট্রপতি, ডেপুটি স্পীকার, ইউএনও, প্রথিতযশা সাংবাদিক ও জনগণের সেবক তৈরির কারিগর। আমরা ২০৩০ সালের মাঝে বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই, এজন্য স্কাউটসের মূলনীতি মেনে স্রষ্টার প্রতি, অপরের প্রতি ও নিজের প্রতি কর্তব্য পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।










