জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তাই এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগে যেমন নির্বাচনের আগে ফলাফল অনুমান করা যেত, এখন সেটা সম্ভব হয় না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, আমাদের দেশ হচ্ছে প্রজাতন্ত্র। প্রজারাই দেশের মালিক। তারা যাকে খুশি তাকে প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিদের কাজ পছন্দ না হলে নির্বাচনের মাধ্যমে আবার প্রতিনিধি বদল করতে পারবেন তারা। এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু এখন দেশের শাসন কার্যে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই বললেই চলে।
তিনি বলেন, এখন জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সঠিকভাবে নির্বাচন না হলে দেশের মানুষ দেশের শাসন ব্যবস্থা থেকে দূরে চলে যায়।
তিনি আরও বলেন, তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। সামরিক সরকার এলেই আগে রাজনীতিবিদরা বলতেন, সামরিক সরকার বিরাজনীতিকরণ করণের মাধ্যমে রাজনীতি নষ্ট করে দিচ্ছে।










