তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাদের দেশে তথ্য-প্রযুক্তির যে বিপ্লব হয়েছে, এতো উন্নয়ন হয়েছে তার পুরোটাই প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদান।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যেসব ফ্রিল্যান্সার দেশে রেমিটেন্স এনে দিচ্ছেন, যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন; তাদেরকে পরিচয়পত্র দেয়াসহ সরকারী সহযোগিতা দেয়া হচ্ছে। এরইমধ্যে ৬ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেয়া হয়েছে।
তিনি বলেন, বেসিসের এই আয়োজনে নানান অলোচনা এবং সুপারিশ উঠে এসেছে। এসব আলোচনা এবং সুপারিশ আমরা দ্রুত বিবেচনা করবো।
তিনি আরও বলেন, আমরা চাই ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভমেন্ট একসঙ্গে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য এটা অতন্ত গুরুত্বপূর্ণ। এরইমধ্যে আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে নিয়ে কাজ করেছি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের টার্গেট ২০২৫ সালের মধ্যে আমরা প্রাইমারি লেভেল থেকেই ১০ লাখ কোডার তৈরি করবো। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি থেকে ১০ লাখ প্রোগ্রামার বের করবো। শুধু তাই না, ১০ লাখ ফ্রিল্যান্সারকে বিভিন্ন কোর্সের মাধ্যমে ট্রেইন করবো।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা হিউম্যান রিসোর্স তৈরি করতে চাই। জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনীর দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই।











