বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন ও সুধী সমাবেশে অংশ নিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান।
বেলা সোয়া ১১টার দিকে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। পরে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ছেড়ে যাবেন।











