বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই দুর্বিষহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই ‘অবৈধ’ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক সংকটের একটাই সমাধান, তা হলো সরকারকে সরে যেতে হবে। সরকার সরে গেলেই দেশে ট্রাস্ট, ক্রেডিবিলিটি অবস্থা সৃষ্টি হবে। তখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য যোগ্য ব্যক্তি, যারা কাজ করতে পারেন, তাদেরকে নিয়ে এসে সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।
বিএনপি দেশে এতো সংকট দেখে, কিন্তু সরকার তো কোনো সংকট দেখে না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই সরকারের সংকট না দেখার কারণ হচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে তাদের জবাবদিহিতা থাকতো। জনগণের জবাবদিহিতা করতে হতো। তারা সবসময় একটা মিথ্যা প্রচার-প্রচারণা করে, ভয়-ভীতি, চাপ সৃষ্টি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে যারা ফ্যাসিস্ট হয় এই প্রচারণা তাদের জন্য জরুরি হয়। একটা মিথ্যা ধারণার মধ্যে জনগণকে রাখতে চায়। কিন্তু এর ভুক্তভোগী জনগণ তাদের এই কথা ভোলে না।










