পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তান-এর সভাপতি করা হয়েছে দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে।
দলের চেয়ারম্যান ইমরান খান আজ ৭ মার্চ) সিনিয়র রাজনীতিবিদ চৌধুরী পারভেজ এলাহীকে এই পদে নিয়োগ দেন।
পারভেজ এলাহী মুসলিম লীগ (কিউ)-এর সাবেক দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি প্রেসিডেন্ট পারভেজ মোশারফের আমলে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের চীফ মিনিস্টার ছিলেন। পাকিস্তান পিপলস পার্টির জোটসঙ্গী হয়ে ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত তিনি আসিফ আলী জারদারী সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।
২০১৮ সালে ইমরান খান সরকার গঠন করলে তাতেও জোটসঙ্গী হয় চৌধুরী পারভেজ এলাহীর দল মুসলিম লীগ (কিউ)। এসময় তাকে পাঞ্জাব প্রদেশের স্পীকার করা হয়।
২০২২ সালে ইমরান খানের পতন হলে মুসলিম লীগ (কিউ) দুইভাগে বিভক্ত হয়ে যায়। চৌধুরী সুজাত হোসেন শাহবাজ শরীফ সরকারকে সমর্থন দেন। অন্যদিকে চৌধুরী পারভেজ এলাহী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সাথে জোট বেঁধে পাঞ্জাবে সরকার গঠন করেন। এই সরকারে তাকে চীফ মিনিস্টার করা হয়।
নির্বাচন ত্বরান্বিত করতে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেন ইমরান খান। দ্বিমত থাকার পরেও পারভেজ এলাহী ইমরান খানের কথায় গত ২২ জানুয়ারি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেন। পরবর্তীতে তিনি নিজ দল মুসলিম লীগ (কিউ)-এর সিংহভাগ নেতাদের নিয়ে ইমরান খানের দল তেহরিকে ইনসাফে যোগ দেন।
আজ তাকে দলের সভাপতি পদে নিয়োগ দিলেন ইমরান খান। এতে করে তিনি দলটির প্রধান চার নেতার একজনে পরিণত হলেন।
তেহরিকে ইনসাফের প্রধান হলের দলের চেয়ারম্যান। প্রতিষ্ঠার পর থেকে এই পদে আছেন ইমরান খান। সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আছেন শাহ মাহমুদ কোরেশী। সভাপতির পদ পাওয়ার মাধ্যমে তৃতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন চৌধুরী পারভেজ এলাহী। এছাড়াও দলের সেক্রেটারির পদে আছেন আসাদ ওমর।
সূত্র : এআরওয়াই নিউজ, ডন ও জিয়ো নিউজ











