আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন হবে না। দেশের নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং উনারা (বিএনপি) আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও যাওয়ার কোনও সুযোগ নেই।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি, সেখানে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমি আশা করব, আগামী নির্বাচনে তারা (বিএনপি) যেন ৩০টির বেশি আসন পায়।
তথ্যমন্ত্রী আরও বলেন, গতবার ড. কামাল হোসেন সাহেবকে তারা হায়ার করেছিলেন। কামাল হোসেন সাহেব হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেননি। মাত্র ৭টি আসন বিএনপি পেয়েছিল। এবার দেখা যাচ্ছে তারা অনুবীক্ষণিক দলগুলোর ওপর ভর করেছে। রাজনীতিতে যারা রাজনৈতিক টোকাই, তাদের ওপর ভর করেছে। বিভিন্ন দলীয় মোর্চা গঠন করেছে। সব দল মিলিয়ে ৫২ দল হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫২টি দলের নাম মুখস্ত বলতে পারলে তাকে ধন্যবাদ জানাবেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।










