spot_img

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জিএম কাদের

কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ও প্রশাসনকে সরকার দলীয় স্বার্থে ব্যবহার করছে। এমন অবস্থায় কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোমবার (২০ মার্চ) রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচনের ব্যবস্থা এমনই রাখবে নাকি কিছু পরিবর্তন করবে তা আমরা এখনো জানি না। সার্বিক অবস্থা বিবেচনা করে নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নেব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক সংকট শুরু হয়ে গেছে। দুটি দল নিজের অবস্থানে অটল আছে। এমন অবস্থা থেকে তাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই। দল দুটি মনে করছে তারা ছাড় দিলে ধ্বংস হয়ে যাবে। তারা ভাবছে ছাড় দিলে নির্বাচনে তারা টিকবে না ও তাদের রাজনীতি টিকবে না। তাই দুটি দল জীবন দিয়ে লড়াই করবে। সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার দিকে দেশ ধাবিত হচ্ছে।

রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের জন্য জাপার সুপারিশমালা আছে বলে জিএম কাদের বলেন, আমরা তা সময়মতো জানাব। সুপারিশমালা যদি গ্রহণ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তবেই সুপারিশমালা দেবো।

এসময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এসএম আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক, জহিরুল ইসলাম জহির ও জহিরুল আলম রুবেলসহ আরও অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ