ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।
সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতী রেজাউল করীম বলেন, ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে।
মুফতী রেজাউল করীম আরও বলেন, ভারতকে এভাবে স্বপ্রণোদিত হয়ে দেশের বিভিন্ন বন্দর ব্যবহারের প্রস্তাব স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার নামান্তর। এভাবে দেশের বিভিন্ন বন্দর ব্যবহারের জন্য ভারতকে প্রস্তাব করার স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত ও বিস্মিত।
তিনি বলেন, ভারত বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিকে কোনোভাবেই বরদাশত করছে না। বিভিন্ন অজুহাতে বিএসএফ সীমান্তে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে করা কোনও চুক্তি আমলে নিচ্ছে না ভারত। তারপরও বার বার ভারতকে বিভিন্ন সুযোগ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বিনা শর্তে এ দেশের কোনও বন্দর ব্যবহার থেকে ভারতকে বিরত রাখার আহ্বান জানান।










