আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রা থেকে দলটির পতনযাত্রা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাকে হারাতে পারবে না। আর এ জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ঢাকার বংশালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বক্তব্য দেন।
ওবায়দুল কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অযৌক্তিক। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন, তাদের দেশেও আছে। তাদের দেশের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়। আমাদের দেশেও গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা আন্দোলনে ব্যর্থ; তাদের সঙ্গে জনগণ নেই। আন্দোলনের গাড়ি আর কাদা থেকে উঠবে না। তাই নাশকতা এখন তাদের অবলম্বন। নাশকতার পরিকল্পনা নিচ্ছে বিএনপি।










