আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের ভেতরে অস্ত্রোপচার করতে হবে। যাদের ভেতরে পঁচা গন্ধ, যারা নষ্ট হয়ে গেছে, তাদের কেটে বাদ দিতে হবে।
বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগকে নিয়ে গর্ব করি; কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগ নিয়ে এমন কিছু শুনি তখন খুব খারাপ লাগে। অপকর্মের সাথে জড়িত এমন কাউকে নেতা বানানো যাবে না।
তিনি বলেন, দখলদার, চাঁদাবাজ ও মাদক করবারী কাউকে ছাত্রলীগের নেতা বানানো যাবে না। ছাত্রলীগের অপরাধীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে স্টেজে আমার পাশে কেউ নেই। কারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছে, যদি স্টেজ ভেঙে যায়। সবাইকে স্টেজে দরকার নেই। কোথাকার কোন পাঠাগার সম্পাদক তারাও স্টেজে। আবার সাবেক নেতারাও মঞ্চে। এরকম নেতারা মঞ্চে উঠলে পাথর দিয়ে মঞ্চ করলেও ভেঙে যাবে।
দেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা দেয়ার বৈধতা একমাত্র বঙ্গবন্ধুর ছিল। অন্য কারো এ অধিকার ছিল না। স্বাধীনতার ঘোষণা পাঠক অনেকে ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র বৈধ ঘোষক।










