পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, একটি দেশের স্বাধীনতা কি তা মর্মে মর্মে বুঝতে পারে যে জাতি স্বাধীন নয়। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছিলাম বলেই স্বাধীনতার সেই স্বাদ পেয়েছি।
রোববার (২৬ মার্চ) রাজধানী আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একটি জাতিকে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর ২৩ বছর সময় লেগেছে। যার মধ্যে তিনি ১৩ বছরই জেলে ছিলেন। তারপরও তিনি জাতিকে উদ্বুদ্ধ করে গেছেন। যে উদ্বুদ্ধতার শক্তিতেই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, যারা দেশকে স্বাধীন করেছেন তাদের এই সরকারের মতো আর কেউ সম্মান দেয়নি। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা পর্যন্ত সম্মানীভাতা দিচ্ছেন। ঘরবাড়ি দিচ্ছেন। যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তারা এই সরকারের আমলেই প্রকৃত সম্মান পাচ্ছেন।
তিনি আরও বলেন, জয় বাংলা শ্লোগান একটি জাতীয় শ্লোগান, অনেকেই মনে করেন এটি আওয়ামী লীগের শ্লোগান। কিন্তু এটি মূলত জনমানুষের জাতীয় শ্লোগান। এটা একার কোনো দলের নয়।











