আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন কোনো নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না।
শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে। শেখ হাসিনা এটা বন্ধ করেছেন। এখন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।
তিনি বলেন, যারা বলে আইনের সুশাসন নেই তারা নিজেরাই আইন জানে না। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই।
তিনি আরও বলেন, হত্যাকারীদের মুক্তি দেওয়াকে বিএনপি আইনের শাসন মনে করে। আওয়ামী লীগ তার অবসান ঘটিয়েছে। এখন সবাই কথা বলতে পারে। এটাই হলো গণতন্ত্র। মানুষ এখন বিচার পায়।











