বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস। বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে রবীন্দ্র-নজরুল চর্চাই হতে পারে এক অনিবার্য সহায়।
শনিবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল লেকশোরে সংগীত শিল্পী সুস্মিতা আনিস আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সংগীত অ্যালবাম ‘হঠাৎ দেখা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, একটি সংস্কৃতিবান্ধব, সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল প্রত্যেক বাঙালির সত্তার সঙ্গে ওতোপ্রোতভাবে মিশে আছেন। তারা সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি বাঙালির ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত করেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মানবতাবাদ ও সাম্যের বাণী প্রত্যেককে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতি ও মননশীলতা চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলকেও আন্তরিকভাবে গ্রহণ করতে হবে।
তিনি দুই বাংলার শিল্পীদের মাধ্যমে এই দুইজন মহান কবির সৃষ্টির সম্মিলন ঘটানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











