দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ কেন অন্তর্ভুক্তি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এদিন আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি করার বিষয়ে রুল জারি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পাশাপশি দুদককে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলেন আদালত। আগামী ৪ জুন রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।
এ ছাড়া আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় অডিও, ভিডিও যদি থাকে তা কোর্টকে হলফ আকারে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।










