মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা রাষ্ট্রদ্রোহিতা।
শনিবার (২৭ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, অসাংবিধানিক উপায়ে যারা ক্ষমতায় আসতে চায়, তারা সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ লঙ্ঘন করতে চায়। এ অনুচ্ছেদ লঙ্ঘন করা মানে রাষ্ট্রদ্রোহিতা। দেশে সংবিধানের বিকল্প কোনো আইন নেই। নির্বাচনের জন্য দেশের সর্বোচ্চ আইন সংবিধান আছে। সংবিধানে লেখা আছে নির্বাচন কীভাবে হবে।
মন্ত্রী বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসিকে যত সহায়তা দেওয়া দরকার সেটা সরকার প্রধান করবে। দেশের সংবিধান পরিপন্থী কোনো প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ নেই। যদি কেউ অন্য কোনো উপায়ে পেছনের গলি থেকে আসতে চান, বিদেশ থেকে কে কি বলে সেটা নিয়ে আপ্লুত থাকতে চান, তাহলে এসব করে লাভ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানকার রাজনীতি নির্ধারণ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৃষি ব্যবস্থা ও কৃষিবিদদের উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। শেখ হাসিনা না থাকলে কৃষিতে কেউ ভর্তুকি দিবে না। অথচ, বিএনপি সরকারের সময়ে কৃষকদের হাহাকার ছিল। চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অনেক কৃষি জমি, পুকুর, খালবিল, নদীনালা, বাওড় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কারণ সরকারের কোনো সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, প্রণোদনা ছিল না। বঙ্গবন্ধু কন্যা আসার পর কৃষির সবক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন।











