spot_img

মুফতী ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল জামায়াতে ইসলামী

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (১২ জুন) কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানায় জামায়াত।

বিবৃতিতে অবিলম্বে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, বর্তমান সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।

নির্বাচন কশিনকে অভিযুক্ত করে জামায়াত সেক্রেটারি বলেন, একজন মেয়র প্রার্থীর ওপর হামলার এ দুঃখজনক ঘটনা আরো একবার প্রমাণ করেছে, বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন একজন মেয়র প্রার্থী, সেখানে ভোটারদের জানমালের নিরাপত্তা কোথায়? এ বাস্তব অবস্থার কারণেই বিরোধী দলগুলো এ নির্বাচনে অংশগ্রহণ করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ