দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে, জনগণ ভোটের একমাত্র মালিক হিসেবে তারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, আর যে জনগণের ভোট পাবে সে সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক ধারা এবং তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিএনপি এটা ভালো করেই জানে, তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য তারা জনগণের ভোট পাবে না। সে কারণেই তারা এখন নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, আসলে তারা (বিএনপি) চোর ও ভোট কারচুপিকারীদের দল। ভোট ডাকাতি করা ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না।
আওয়ামী লীগ সরকার পতনের জন্য বিএনপির বার বার হুমকি দেওয়ার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার এতটা দুর্বল নয়। ১০ ডিসেম্বর নিয়ে হৈ চৈ ছিল, তারা সরকারকে ক্ষমতাচ্যুত করবে। আমরা এত দুর্বল পর্যায়ে নেই যে, তারা আমাদের পতন ঘটাবে। আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের শক্তি আমাদের জনগণ।
নির্বাচনকালীন তত্ত্ববাবধায়ক সরকার গঠনের বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, কিন্তু বিএনপি এখনও তত্ত্ববাবধায়ক সরকারের দাবি করছে। বিএনপি কি পাগল নাকি শিশু হয়ে গেল? একবার খালেদা জিয়া দাবি করেছিলেন, পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।
সরকারপ্রধান বলেন, চোরদের, স্বাধীনতাবিরোধীদের ও খুনিদের ক্ষমতায় এনে আমরা বাংলাদেশকে অন্যের কাছে মাথানত হতে দেব না।











