শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন শ্রম আদালত।
ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে জামিন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে আদেশ দেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন আদালত।
ফলে এ মামলায় জামিনেই থাকবেন ড. ইউনূস। জামিন বহাল রাখার পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দেন আদালত।
বৃহস্পতিবার ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে দুটি আবেদন করেন আইনজীবী খুরশিদ আলম খান। আবেদনে বলা হয়, ড. ইউনূস আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। তার জামিন বাতিল করা প্রয়োজন।
এর আগে, গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক আরিফুজ্জামান।
এ মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।










