বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশ্ব বরেণ্য মুফাসসির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে শোক প্রকাশ করায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে একই অপরাধে জেলা ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।
স্বেচ্ছাসেবক লীগের সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন— চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপশিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষিবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিনুল ইসলাম।










