বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়।
তিনি বলেন, ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদেরকে মদদ দিচ্ছে এই অবৈধ সরকার।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন যাবতই অসুস্থ, তা সবারই অবগত। এছাড়া দুই বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনিও তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?
তিনি বলেন, আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে। সরকার বিএনপিকে হেয় প্রতিপন্ন করার এরআগেও অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ভেঙে ফেলার চেষ্টা করেছে পারে নাই। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারে নাই।











