spot_img
spot_img

ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতির সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মুহাম্মাদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মুহাম্মাদ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

গত বছরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (ঢাবিশিস) সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই আদেশ চ্যালেঞ্জ করে রিট করলে রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টে দ্রুত রুল শুনানির নির্দেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ