গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগের বিষয়টি জাতিসংঘ খতিয়ে দেখবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়।
গতকাল সোমবার (২৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ড. মুহাম্মাদ ইউনূসের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা আগেই বলেছি, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আমি মনে করি, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। আর আমরা ড. ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখব। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সম্পর্কে আমি অবগত নই।











