spot_img
spot_img

বিচারকের ভাষা এমন হতে পারে না: তথ্যমন্ত্রী

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের জামিন শুনানিতে একজন বিচারপতির বক্তব্য নিয়ে দেশে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। রাষ্ট্রপক্ষের উদ্দেশে তিনি বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

বিচারপতির এমন মন্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইনজ্ঞদের মতে কোনো বিচারকের ভাষা এমন হতে পারে না।

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতাদের সাক্ষাৎ শেষে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এটি অবিচারক সুলভ ভাষা বলে আইনজ্ঞরা মতপ্রকাশ করেছেন। যেহেতু বিষয়টি বিচারালয়ের এবং প্রধান বিচারপতির নজরে এসেছে, সেহেতু এটি তিনিই দেখবেন।

হাছান মাহমুদ বলেন, আমি পত্রিকায় দেখেছি, আমি আইনজীবী না হলেও আমার বাবা-মা ও শ্বশুর আইনজীবী। আমিও কয়েক দিন আইন কলেজে ঘোরাঘুরি করেছি। আইনজ্ঞদের সঙ্গে আমারও কথাবার্তা হয়। তাদের মতে, এটি কোনো বিচারকের ভাষা হতে পারে না।

ড. হাছান বলেন, তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়। পৃথিবীর সব দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। যদিও এ কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। টিসিবিসহ বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে সরকার চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশে কোনো আহাজারি নেই। বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি হয়নি, ইউরোপ-আমেরিকায় হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির সময় পৃথিবীর ২০টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির হার হয়েছিল, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। আমাদের অবস্থান ছিল তিন নম্বরে। আমাদের অর্থনীতি অনেক ভালো। এখনো বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের দ্বিগুণেরও বেশি। এটি আইএমএফের প্রতিবেদন। এখন অপেক্ষায় আছি, এ প্রতিবেদনের ওপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, সেটা শুনতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ