অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বরোচিত হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। আর গত তিনমাস ধরে এই হামলাকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাজ্যের লেবার পার্টি। তবে নির্যাতিত ফিলিস্তিনিদের সম্পর্কে অবস্থান পরিবর্তন না করলে নির্দিষ্ট গোষ্ঠীর কাঙ্খিত ভোট হারাতে হবে বলে সতর্ক করেছেন রাজনৈতিক দলটির মুসলিম সদস্যরা।
এ বিষয়ে মুসলিম এমপি, মেয়র, পৌর কাউন্সিলর ও নিবন্ধিত দলের সদস্যদের নিয়ে গঠিত লেবার মুসলিম নেটওয়ার্ক (এলএমএন) থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।
বিবৃতিতে, সাম্প্রতিক সমীক্ষার ফলাফলের উপর জোর দিয়ে লেবার পার্টি ও মুসলিম ভোটারদের মধ্যে যে দীর্ঘস্থায়ী বন্ধন রয়েছে তা ফাটলের ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় চলমান ইসরাইলি আগ্রাসনে লেবার পার্টি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ব্রিটেনের মুসলিমদের জন্য অগ্রহণযোগ্য ও গভীরভাবে আক্রমণাত্মক।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, মুসলিম ভোটাররা লেবার পার্টির এমন অবস্থান পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, “তারা এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না যারা গাজ্জায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তীব্র বিরোধিতা না জানিয়ে উল্টো ইসরাইলকেই সমর্থন করছে। আর তাই লেবার পার্টির নেতাদের এখনই এই অবস্থান বদলাতে হবে, নতুবা এক প্রজন্মের জন্য মুসলিম সম্প্রদায়ের সমর্থন হারানোর ঝুঁকি নিতে হবে।”
প্রসঙ্গত, গাজ্জায় চলমান সংঘাতে এখন পর্যন্ত বিভিন্ন অবস্থান নিতে দেখা গিয়েছে লেবার পার্টিকে। তারা একদিকে যেমন যুক্তরাজ্য সরকারের ইসরাইল পন্থী অবস্থানকে সমর্থন করছে, অন্যদিকে গাজ্জায় মানবিক যুদ্ধ বিরতিরও আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চায় ব্রিটিশ সরকার। যাতে তারা পুনরায় ইসরাইলের ভেতরে ঢুকে যেন কোন ধরনের হামলা না চালাতে পারে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











