চলমান যুদ্ধ শেষ হওয়ার পর, গাজ্জা পুনর্গঠনের উদ্দেশ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার গঠন করতে একটি চুক্তির বিষয়ে আলোচনা করছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফাতাহ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফাতাহের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জিবরিল রাজোয়াব এ বিষয়টি জানান।
কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ও জিবরিল রাজোয়াবের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এই চুক্তিটির বিষয়ে আলোচনা হয়েছে।
আল শারক নামক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জিবরিল বলেন, “ইসমাইল হানিয়াহ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর বেশ কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেছি আমি। সেখানে এই বিষয়ে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এখানে এমন কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় রয়েছে যেসব ক্ষেত্রে এই চুক্তিটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”
তিনি আরো বলেন, আমাদের মধ্যে বিভাজন সমাপ্ত করা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের জন্য হামাস ও ফাতাহের সদস্যদের একটি বৈঠকে বসার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, তিনটি নীতির উপর ভিত্তি করে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে সকল রাজনৈতিক শক্তি উপস্থিত থাকবে। যার মধ্যে প্রথমে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের একত্রতা ও দ্বিতীয়ত রাজনৈতিক সমাধানের বিষয়ে একটি চুক্তি। তৃতীয় নীতির মধ্যে রয়েছে গাজ্জায় যুদ্ধের অবসান ও ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











