ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিদেশী প্রভাবমুক্ত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। শিক্ষা কারিকুলাম সংশোধন করে মুসলমানদের চিন্তা চেতনার আলোকে নতুনভাবে প্রণয়ন করতে হবে। মুসলমানদের চেতনাবিরোধী শিক্ষা দিয়ে দেশকে রক্ষা করা যাবে না।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঈমান বিধ্বংসী শিক্ষা দ্বারা কখনো দেশপ্রেমিক নাগরিক গড়ে তেলা যায় না। কাজেই শিক্ষা সিলেবাস সংশোধন করে দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। ভারতের সাথে এদেশের জনগণের পার্থক্য ঈমান ও ইসলাম। ইসলাম না থাকলে দেশ থাকবে না। এটা বুঝতে দেরি করলে দেশের সার্বভৌমত্ব টিকবে না।
সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নূরুল ইসলাম আলআমিন, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম।










