spot_img
spot_img

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল: ব্রাজিলের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার মতে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে গাজ্জার নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইলি সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “গাজ্জায় ইসরায়েলের এমন আচরণের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না: হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে তারা সেখানের নারী ও শিশুদের হত্যা করছে।”

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এই দ্বন্দ্ব নিরসনে ব্যর্থ হয়েছে।

দা সিলভা বলেন, “যে সময়ে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর বিষয়ে কথা বলা উচিত, সেই সময়ে আমরা যুদ্ধ উন্মাদনার কথা বলছি। যুদ্ধ কারো কোন উপকারে আসে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর উচিত শান্তির কথা বলা, অথচ তারাই সর্বশেষ যুদ্ধ শুরু করেছে।”

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না বলেও জানান তিনি। সেই সঙ্গে গাজ্জায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দা সিলভা।

উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি আক্রমণের স্পষ্ট সমালোচক ব্রাজিল। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার প্রতিও সমর্থন জানিয়েছে দেশটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ