ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে গাজ্জার একটি টানেলে দেখা গিয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এবিষয়ে তারা একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, গাজ্জার একটি টানেলে তিনি ও তার পরিবার প্রবেশ করেছেন। যদিও ভিডিওতে তার মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায়নি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই এক এক্স বার্তায় এ ভিডিওটি প্রকাশ করেন।
আভিচায় বলেন, “গাজ্জার জনগণ মাটির উপরে ভুগছে, কিন্তু তিনি মাটির নিচে লুকিয়ে রয়েছেন।” ভিডিওতে দেখা নারীকে ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, মুখপাত্র আভিচায়ের দাবি রীতিমতো প্রশ্নের মুখোমুখি দাড় করিয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে।
বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিকার অর্থেই এই ভিডিওটি তেল আবিবের কাছে থেকেই থাকে তাহলে তারা এখনও পর্যন্ত সিনওয়ারকে খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছেন কেন..? তাকে না খুঁজে উল্টো গাজ্জার ২৩ লাখ নিরীহ ফিলিস্তিনিদের বাস্তচ্যুত ও অনাহারের সম্মুখীন করছে ইসরাইল।
উল্লেখ্য, গাজ্জায় হামাসকে পুরোপুরি ধ্বংস করা ইসরাইলের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ ক্ষেত্রে সিনওয়ারকে গ্রেফতার করতে পারলেও সফলতার মুখ দেখবে দখলদার বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর











