ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি না দিলে মুসলিমদের জন্য পবিত্র মাস রমজানের মধ্যেই রাফাহ শহরে আক্রমণ চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্টজ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) জেরুসালেমে অনুষ্ঠিত এক সম্মেলনে এই হুমকি দেন গান্টজ।
তিনি বলেন, “আমি খুব পরিষ্কারভাবে বলছি, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হামাসের। তারা আত্মসমর্পণ করতে পারে, জিম্মিদের মুক্তি দিয়ে, আর ঠিক এইভাবেই, গাজ্জার নাগরিকরা পবিত্র রমজান মাস উদযাপন করতে পারে।”
প্রসঙ্গত, রাফাহ’তে বর্তমানে ১৪ লাখ বাস্তচ্যুত ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তবে এই শহরে হানা দেওয়ার পরিকল্পনা করছে দখলদার বাহিনী। তাদের দাবি, হামাস যোদ্ধাদের নির্মূল করতেই চালানো হবে এই অভিযান।
গান্টজ আরো বলেন, “বিশ্ব নেতাদের অবশ্যই জানা উচিত, হামাস নেতাদেরও এটা জানা উচিত যে- যদি রমজানের মধ্যে আমাদের জিম্মিরা ঘরে না ফেরে, তাহলে রাফাহ শহরে আক্রমণ করা হবে।”
উল্লেখ্য, রমজান মুসলিমদের জন্য একটি পবিত্র মাস, যা আগামী মার্চ মাসের ১০ তারিখ শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











