চলতি বছরে ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনে ব্যপক কারচুপি-জালিয়াতির অভিযোগ এনে এই নির্বাচন বাতিলের জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সমর্থক আলী খান নামে একজন। তবে সেই আবেদনকে খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
বুধবার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনে আগের নির্বাচন বাতিল করে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিচার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আদেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়।
কিন্তু পরপর দুই দিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু আবেদনকারী আলী খান এই দুই শুনানির একটিতেও উপস্থিত ছিলেন না। মূলত আবেদনকারীর অনুপস্থিতির কারণেই এই আবেদনকে খারিজ করে দেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা।
সূত্র : দ্য ডন










