আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করা না হয় সে জন্য বাজারে কঠোর নজরদারি বাড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে কোন অজুহাত দেখিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলে দেয়। বিশেষ করে রমজান ও ঈদকে সামনে রেখে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির মহোৎসবে মেতে ওঠে, যা দেখার কেউ থাকেনা। বাজার নিয়ন্ত্রণে সচিব ও ডিসিদের প্রতি সরকারের নির্দেশনা থাকলেও বাস্তবে এর প্রতিফলন সন্তোষজনক নয়। দেখা গেছে পবিত্র রমজান মাস আসার আগেই খেজুর, চিনি, ছোলা,ফলমূল সহ রোজাদারদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর হিড়িক পড়ে যায়। পণ্যের প্রচুর মজুদ থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়ার প্রবনতা নিয়মে পরিনত হয়ে গেছে। সরকারের আন্তরিকতা ও কঠোর নজরদারি না থাকলে এবারও অতীতের ন্যায় রমজান মাস ও ঈদ কে কেন্দ্র করে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। ইতিমধ্যেই চিনি ছোলা খেজুরসহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া হয়েছে।
আজ (৬ মার্চ) বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোজাদাররা ইফতার ও সেহরিতে খেজুর কে সাওয়াব মনে করে ভক্ষণ করে থাকে। অথচ মদ আমদানির শুল্ক না বাড়িয়ে খেজুরের ওপরে শুল্ক বাড়ানো বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে খুবই আপত্তিকর। ব্যবসায়ীদের উচিত ছিল রোজাদারদের খেদমতে কমলাভে নিত্যপণ্য বাজারজাত করা। পৃথিবীর অনেক মুসলিম দেশে এর নজির রয়েছে। শুধু বাংলাদেশই এর ব্যতিক্রম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা রুহুল আমিন ও মাস্টার আতিকুল ইসলাম প্রমুখ।
অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।










