শনিবার রাতে দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। এতে গত বছরের অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৬ মাসে মোট ফিলিস্তিনি গ্রেফতারের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬০৫ জনে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের বন্দী এবং প্রাক্তন বন্দী বিষয়ক কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি বন্দী সমিতি এক যৌথ বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতি অনুযায়ী, এই বিশাল সংখ্যক ফিলিস্তিনি বন্দিদের পশ্চিম তীরের জেনিন, নাবলুস, তুবাস, তুলকারম, হেবরন, বাইতে লাহাম ও জেরুসালেম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদেরকে শারীরিকভাবে আঘাতের পাশাপাশি হেনস্থাও করা হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, এসময় তাদের আবাসস্থল ও ব্যক্তিগত সম্পত্তিও ধ্বংস করা হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী দুইটির তথ্যমতে, ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা ৯ হাজার অতিক্রম করেছে। বন্দীদের মধ্য থেকে ৩ হাজার ৪৮৪ জনকে প্রশাসনিক বন্দী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২০০ শিশু ও ৭০ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা তীব্র থেকে আরো তীব্রতর হয়েছে। গত ৬ মাসে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এ পর্যন্ত মোট ৪৩৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ হাজার ৭০০ জন।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











