spot_img
spot_img

ধোঁকাবাজি ও প্রহসনের নির্বাচনে আমরা যাব না : ড. মঈন খান

বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ধোঁকাবাজি ও প্রহসনের নির্বাচনে আমরা যাব না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে।

আজ বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহসভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়ে এসব কথা বলেন ড. মঈন খান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হটানো হবে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন-নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি।

মঈন খান আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শোষণ করত। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।

বিএনপিনেতা ড. মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারা দিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।’

এরপর সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাষানটেকের বাসায় যান ড. আব্দুল মঈন খান। এ সময় তিনি মিরাজের পরিবারের সদস্যের খোঁজ-খবর নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ