ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে কারাবন্দী ফিলিস্তিনি লেখক ও অধিকারকর্মী ওয়ালিদ দাক্কা ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। ইসরাইলের শামির মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
আরব নিউজ বলছে, ইসরাইলে ফিলিস্তিন অধ্যুষিত বাকা আল গারবিয়ে শহরে দাক্কার বাড়ি। তিনি ৩৮ বছর ইসরাইলী কারাগারে কাটিয়েছেন।
প্যালেস্টিনিয়ান কমিশন বলেছে, ধীরে ধীরে হত্যা করার নীতি প্রয়োগ করার কারণে দাক্কা মারা গেছেন। ইসরাইলে কারা কর্তৃপক্ষ বন্দীদের বিরুদ্ধে ‘ধীরে ধীরে হত্যা’ করার নীতি প্রয়োগ করে থাকে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে দাক্কাকে ‘মুক্তিযোদ্ধা’ বলে উল্লেখ করা হয়েছে। ইসরাইলের কারাগারে দাক্কার মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে এক বিবৃতিতে প্রশ্ন তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
দীর্ঘদিন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন দাক্কা। ১৯৮৬ সালে এক ইসরাইলী বাহিনীর সদস্যকে হত্যার দায়ে দখলদার ইসরাইল তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাবন্দী ছিলেন। জেলে থাকা অবস্থায় দাক্কা কয়েকটি বই লিখেছেন, এর মধ্যে শিশুদের নিয়ে লেখা একটি বইও আছে।











