spot_img

সেনাবাহিনীর কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগ

টহলরত সেনাসদস্যদের ওপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার জন্য জেলার নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে দলটি।

রোববার (১১ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন এ অনুরোধ জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজে সহায়তা করতে হবে।

তিনি বলেন, এরপর কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করেন, তাহলে জেলা আওয়ামী লীগ তাঁর দায়দায়িত্ব নেবে না। অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে, এ বছরও সেভাবেই শোক দিবস পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র, লাঠিসোটা প্রদর্শন করা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ