spot_img

আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনও অধিকার নেই : হেফাজতে ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

হেফাজত নেতৃদ্বয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করছেন। এখনও রাস্তায় শহীদের রক্তের দাগ শুকায়নি। অথচ তিনি ফ্যাসিবাদকে পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে। তার বক্তব্যে আমরা হতবাক। তিনি অবিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করি। তার এখানেই থামা উচিত৷

সোমবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

হেফাজত নেতৃদ্বয় বলেন, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থপাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনও অধিকার নাই। তাদের রুখে দিতে হবে।

হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরাল আহ্বান, অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনও ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না, ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে, সেগুলো ১৫ আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ঈমানি দায়িত্ব পালন করুন।

তারা বলেন, দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সকল শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ