সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে যুব ও ছাত্র জমিয়তের কর্মীসহ নিহত সকল শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দু‘আ মাহফিলে নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক কারণে গণভবনসহ দেশের বিভিন্ন জায়গায় গাড়ি, বাড়ি ও দোকানপাটে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। দেশের কিছু কিছু জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরেও রাজনৈতিক কারণে হামলা হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি সামনে এনে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শত শত বছর যাবত সহাবস্থান করে আসছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদের প্রভুদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তারা আর কখনও সফল হবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী বশিরুল হাসান খাদিমানীর পরিচালনায় দু‘আ মাহফিলে আরও বক্তব্য রাখেন মুফতী মাহবুবুল আলম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতী নুরুল আলম ইসহাকী, মাওলানা আবুল বাশার, মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
এতে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দু‘আ করা হয়। নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদেরকে সুচিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ধর্মপ্রাণ মুসলমানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।










