দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত একটি শহরের খামার বাড়ি ও শস্যগুদামে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীরা। শুধু তাই নয়, একই সঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে কৃষকদের অতি মূল্যবান ও পুরোনো বেশ কয়েকটি জয়তুন গাছ।
ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
শস্যাগারের মালিক আব্দুল আজিজ সামিহ জানান, শনিবার সকালের দিকে খালেত হামাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রথমে শস্যাগারে আগুন ধরিয়ে দেয় অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে সৌর প্যানেল ও কৃষি সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। অতঃপর তার তিন তলা বিশিষ্ট খামারবাড়িতেও আগুন ধরিয়ে দেয় তারা। এতে তাদের ব্যক্তিগত জিনিস সহ অনেক কিছু পুড়ে যায়।
তিনি আরো জানেন, এসব ক্ষতি করেও ক্ষান্ত হয়নি ইহুদিরা। যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়ে যায় বেশ কয়েকটি জয়তুন গাছে। এতে চারিদিকে আগুন ধরে যায় এবং বেশ কয়েকটি গবাদি পশুও মারা যায়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মেয়র আনিস শাকির। তিনি জানান, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ইসরাইল সেনাবাহিনী। তাদের সুরক্ষা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে ইহুদীরা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











