ক্ষমতাচ্যুত ব্যক্তিদের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হচ্ছে। যেকোনো মামলা নথিভুক্ত করার আগে প্রাথমিক তদন্ত করে মামলা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে আমি অনুরোধ করবো; দল শুধু নয়, সব মানুষের বিরুদ্ধে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং যেকোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই করে নেয় যে, কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয়। প্রাথমিক যে তদন্ত, সেটা করা দরকার। তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে।
দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন কোনো মামলা দেবেন না, যে মামলায় কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতাদের জড়িত করে মামলা দেওয়া, এটা বোধ হয় সমুচিত নয়। যেখানে যার সম্পৃক্ততা থাকবে, সেটাই দেওয়া দরকার। এমনও হচ্ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।
তিনি আরও বলেন, এই ঢালাও মামলা বিপ্লবকে সংহত করবে না। একটা ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। এ সময়ে যতটা সম্ভব এই সরকারকে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে।










